হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে কোম শহরের ইমাম হাসান আসকারি (আ.) মসজিদে প্রয়াত শিল্পী কুরুশ জারেয়ির স্মরণসভায় বক্তব্য দেন তিনি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি জ্ঞানচর্চায় বিবেকের গুরুত্ব তুলে ধরে হুজ্জাতুল ইসলাম মোমেনি বলেন, বিবেকের প্রকৃত তাৎপর্য উপলব্ধি এবং আল্লাহর দাসত্বের মর্যাদায় পৌঁছাতে তিনটি মৌলিক বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন। এর প্রথমটি হলো মহান আল্লাহর পরিচয় ও তাঁর প্রতি যথাযথ জ্ঞান অর্জন।
তিনি বলেন, আল্লাহর ইবাদতের পথে এগিয়ে যেতে হলে যেসব বিষয় মানুষকে স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো চিহ্নিত করে জীবন থেকে বাদ দিতে হবে। একই সঙ্গে যেসব কাজ মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে, সেগুলোর প্রতিও গুরুত্ব দিতে হবে।
হুজ্জাতুল ইসলাম মোমেনির মতে, আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান মানুষের মানসিক প্রশান্তির অন্যতম প্রধান উৎস। আল্লাহর প্রতি মানুষের উপলব্ধি যত গভীর হয়, তার অন্তরের প্রশান্তি ও বিশ্বাসও তত দৃঢ় হয়। ফলে ভবিষ্যৎ নিয়ে সাধারণ উদ্বেগ সহজে তার মানসিক স্থিরতা নষ্ট করতে পারে না।
ব্যক্তিগত ও সামাজিক জীবনে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে মুমিনের উচিত আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞার ওপর আস্থা রাখা এবং বিশ্বাস করা যে সবকিছুই তাঁর জ্ঞান ও ইচ্ছার অধীন।
আল্লাহর পরিচয় ও বিশ্বাস মানুষের মনে প্রশান্তি আনে
হুজ্জাতুল ইসলাম মোমেনি হযরত মুসা (আ.) ও তাঁর মায়ের ঘটনার উল্লেখ করে বলেন, আল্লাহর নির্দেশে যখন হযরত মুসা (আ.)-এর মা তাঁকে নীলনদে ভাসিয়ে দিয়েছিলেন, তখন পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন ও উদ্বেগজনক। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি ও আশ্বাস তাঁর মায়ের হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছিল এবং তিনি স্রষ্টার পরিকল্পনার ওপর আস্থা রাখতে পেরেছিলেন।
তিনি বলেন, আল্লাহর পরিচয়ে সমৃদ্ধ মানুষের সঙ্গে অন্যদের পার্থক্য এখানেই—কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহকে নিজের ভরসার জায়গা হিসেবে বিবেচনা করেন এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারেন।
মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়—এমন বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন তুলে মোমেনি বলেন, যে বিষয়ই মানুষ ও তার স্রষ্টার মধ্যে দূরত্ব তৈরি করে, তা জীবন থেকে পরিহার করা উচিত। একজন বিবেকবান মানুষের এমন কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়, যার স্থায়িত্ব ও অস্তিত্ব তার নিজের নিয়ন্ত্রণে নেই।
তিনি দুনিয়ার জীবনকে অনিবার্য এক সফরের সঙ্গে তুলনা করে বলেন, মানুষ সাধারণ কোনো ভ্রমণে যাওয়ার আগে পরিকল্পনা করে, খরচের হিসাব করে, থাকার জায়গা ও যাতায়াতের ব্যবস্থা ঠিক করে নেয়। অথচ আখিরাতের দীর্ঘ সফর, যেখান থেকে ফিরে আসার সুযোগ নেই, তার জন্য অনেক সময় কোনো প্রস্তুতিই থাকে না।
দুনিয়ার সম্পদ ও অবস্থানের অস্থায়িত্ব তুলে ধরে তিনি বলেন, সুখ-দুঃখ, ধন-সম্পদ, দারিদ্র্য, সামাজিক মর্যাদা ও অবস্থান—সবকিছুই একসময় শেষ হয়ে যাবে। এসব পার্থিব অর্জনের কোনোটিই মানুষের সঙ্গে পরকালে যাবে না।
দুনিয়ার কোনো পরিস্থিতিই স্থায়ী নয়
জীবনের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণের গুরুত্ব তুলে ধরে মোমেনি বলেন, মানুষের বুঝতে হবে, কঠিন ও স্বস্তির—উভয় পরিস্থিতিই সাময়িক। যেমন দুঃসময় একদিন শেষ হয়, তেমনি সুসময়ও চিরস্থায়ী নয়।
এ প্রসঙ্গে তিনি এক ব্যক্তির গল্প তুলে ধরেন, যিনি জীবনের কঠিন পরিস্থিতিতেও দুনিয়ার ক্ষণস্থায়িত্ব স্মরণ করে মানসিক প্রশান্তি বজায় রাখতেন। মোমেনি বলেন, জীবনের কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে মানুষের মানসিকভাবে ভেঙে পড়া উচিত নয়; বরং ধৈর্য ও আল্লাহর ওপর আস্থা রেখে জীবনের উত্থান-পতন অতিক্রম করতে হবে।
মৃত্যু যে সব মানুষকে পার্থিব পরিচয় ও মর্যাদা নির্বিশেষে একই পরিণতির মুখোমুখি করে, সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তাঁর ভাষ্য, মৃত্যুর পর মানুষের সামাজিক, বৈজ্ঞানিক, প্রশাসনিক কিংবা অর্থনৈতিক পরিচয়ের আর কোনো গুরুত্ব থাকে না। তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জীবদ্দশায় তার কাজ ও আচরণের ফলাফল।
তিনি বলেন, কবরস্থানগুলোতে নানা সামাজিক অবস্থান ও পরিচয়ের মানুষ পাশাপাশি শায়িত থাকেন। এটি স্মরণ করিয়ে দেয়, কেউই পার্থিব পদ-পদবি নিয়ে পরকালে যেতে পারবেন না। মানুষের সঙ্গে থাকবে কেবল তার আমল ও পরকালের জন্য সঞ্চিত পাথেয়।
দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় উল্লেখ করে মোমেনি বলেন, কারও বাহ্যিক অবস্থা দেখে তার আধ্যাত্মিক মর্যাদা বিচার করা উচিত নয়। অন্যের চোখে কেউ হয়তো ভালো অবস্থানে নেই, কিন্তু আল্লাহর কাছে তিনি সম্মানিত হতে পারেন।
বিবেকবান মানুষ অন্যের ভালো কাজের কৃতজ্ঞতা স্বীকার করেন
বিবেকবান মানুষের বৈশিষ্ট্য তুলে ধরে মোমেনি বলেন, কারও ব্যক্তিত্বের একটি পরিচায়ক হলো, তাঁর নাম স্মরণ করলে অন্যদের মনে কী ধরনের স্মৃতি জাগে। মানুষের এমনভাবে জীবনযাপন করা উচিত, যাতে তাঁর স্মৃতি মানুষের মনে কল্যাণ ও ভালো কাজের কথা মনে করিয়ে দেয়।
প্রয়াত শিল্পী কুরুশ জারেয়ির নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো ব্যক্তির মূল্যায়ন শুধু তাঁর অবস্থান বা খ্যাতির ভিত্তিতে করা উচিত নয়। বরং দেখতে হবে, তাঁর আচরণ ও ব্যক্তিত্ব আশপাশের মানুষের ওপর কী প্রভাব ফেলেছে এবং তাঁর নাম স্মরণ করলে মানুষের মনে ভালো স্মৃতি জাগে কি না।
অন্যের ভালোবাসা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরে মোমেনি বলেন, কারও কাছ থেকে উপকার পেলে তার প্রতি কৃতজ্ঞ থাকা মানুষের অন্যতম মৌলিক নৈতিক দায়িত্ব। একজন বিবেকবান মানুষের উচিত নয় অন্যের ভালো কাজ ভুলে যাওয়া।
তিনি আরও বলেন, সৌন্দর্য, সম্পদ, সুযোগ-সুবিধা ও পার্থিব অবস্থান একা মানুষের স্থায়ী মর্যাদার মাপকাঠি নয়। প্রকৃত মূল্য প্রকাশ পায় মানুষের আচরণ, অন্যের অধিকার রক্ষা এবং নৈতিক ও মানবিক সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে।
দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিজ্ঞতা তুলে ধরে—যাঁদের মধ্যে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসিও ছিলেন—মোমেনি মৃত্যুর সামনে সব মানুষের সমান পরিণতির কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব ও সামাজিক অবস্থান যা-ই হোক, প্রত্যেক মানুষকেই নিজের কাজের জবাবদিহি করতে হবে। তাকওয়া ও সৎকর্মের বিকল্প কোনো পদ-পদবি হতে পারে না।
নির্জনেও নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে
উপস্থিতি ও অনুপস্থিতি—উভয় অবস্থায় আচরণ সংযত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে মোমেনি বলেন, একজন মুমিনের ঈমান এমন পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে নির্জনেও তিনি নিজেকে আল্লাহর সামনে উপস্থিত মনে করেন এবং অন্যায় আচরণ থেকে বিরত থাকেন।
তিনি নৈতিকতার একটি শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কোনো শিশুর সামনেও অসংগত আচরণ করতে মানুষ লজ্জা বোধ করতে পারে। তাহলে যিনি সব সময় মানুষের কাজকর্ম পর্যবেক্ষণ করছেন, সেই আল্লাহর সামনে অন্যায় কাজ থেকে বিরত থাকার বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত।
হুজ্মোজাতুল মেনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করা প্রয়োজন। যে ব্যক্তি নিজেকে আল্লাহর দাসত্বের পথে পরিচালিত করেন, তিনি গুনাহ করার সুযোগ নিজেকে দেন না। অন্য কেউ দেখছে কি না, তার ওপর নিজের আচরণ নিয়ন্ত্রণ নির্ভর করা উচিত নয়।
ধর্মীয় বিবেকবোধের আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরে তিনি ফরজ ইবাদত পালনের পাশাপাশি নিন্দনীয় আচরণ পরিহার এবং অন্যকে হেয় বা উপহাস না করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, অন্যকে বিদ্রূপ করা একজন মুমিনের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। কেউ নিজেকে বিবেকবান ও ধর্মপ্রাণ দাবি করলে সামাজিক আচরণেও তার প্রতিফলন থাকতে হবে।
জনগণের প্রতি দায়িত্বশীলতার বিষয়েও তিনি বলেন, যাঁরা কোনো দায়িত্ব গ্রহণ করেন, তাঁদের উচিত মানুষের সমস্যার প্রতি উদাসীন না থেকে সেগুলো সমাধানে কাজ করা। দায়িত্বের পদকে মানুষের সেবার সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে।
কিয়ামতের দিনের প্রস্তুতি নিতে হবে
বক্তব্যের শেষ পর্যায়ে পরকাল সম্পর্কে অন্তরের বিশ্বাস এবং কিয়ামতের দিনের প্রস্তুতির ওপর গুরুত্ব দেন মোমেনি। তিনি বলেন, একজন বিবেকবান মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মৃত্যু ও জীবনের পরিণতির কথা ভুলে যান না; বরং সব সময় সেই বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেন।
কবরস্থান পরিদর্শন ও মৃত্যুর পর মানুষের অবস্থা নিয়ে চিন্তাভাবনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনের সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরকালের জন্য কী পাথেয় সঞ্চয় করা হয়েছে, তা নিয়ে প্রত্যেকের ভাবা উচিত। নিজেকে প্রশ্ন করতে হবে, সেই দিনের জন্য কী প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, শুধু ধর্মীয় বিষয় সম্পর্কে জানা মানুষের মুক্তি ও কল্যাণের জন্য যথেষ্ট নয়। আল্লাহর পরিচয় ও উপলব্ধি তখনই জীবনে কার্যকর হয়, যখন তা মানুষের আচরণ ও কাজে প্রতিফলিত হয় এবং সে ইবাদতের পথে অগ্রসর হওয়ার পাশাপাশি ফরজ দায়িত্ব পালনে যত্নবান ও পাপ থেকে বিরত থাকে।
বক্তব্যের শেষাংশে হযরত ফাতিমা যাহরা (সা.) ও আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর ধর্মীয় মর্যাদা ও অবস্থান তুলে ধরেন মোমেনি। হযরত ফাতিমা যাহরা (সা.)-এর জীবনাদর্শ ও মজলুমিয়াতের বিভিন্ন দিক উল্লেখ করার পাশাপাশি জীবনের শেষ মুহূর্তগুলোতে আমিরুল মুমিনিনের বিশেষ অবস্থানের কথা তুলে ধরে তাঁদের আধ্যাত্মিক সম্পর্কের মর্যাদা ও ফজিলত বর্ণনা করেন তিনি।
আপনার কমেন্ট